ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় ট্রাক–সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর–চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ি ইউ-টার্নের সামনে এ দুর্ঘটনা ঘটে। চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে চৌদ্দগ্রামগামী একটি ট্রাক ফেলনা কাজীবাড়ি ইউ-টার্নে বিপরীত দিক থেকে আসা সিএনজি ও অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে সিএনজিটি ট্রাকের নিচে চাপা পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।


স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সিএনজির যাত্রী দুইজন পুরুষ ও একজন নারী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পাঁচজন আহত হন। আহতরা হলেন—নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), বাঙ্গড্ডার এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে আবদুর রহিম (২৭), অটোরিকশাচালক আলী হোসেনের ছেলে মাহবুবুল হক এবং আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)। স্থানীয়দের সহায়তায় তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


এর মধ্যে আবদুর রহিম, আনোয়ারা বেগম, আবু তৈয়ব ও এক অজ্ঞাতপরিচয় আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সংবাদ প্রকাশের সময় পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।


অটোচালক মাহবুবুল হক বলেন, ‘লক্ষ্মীপুর দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোটগামী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। আমি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সিএনজিটিকে ধাক্কা দিই, এতে ত্রিমুখী সংঘর্ষ ঘটে।’


ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত ট্রাক, সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় যাচাই করা হচ্ছে। ট্রাকের নিচে সিএনজি আটকে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

ads
ads
ads

Our Facebook Page

↑